বরিশালে; বিয়ের তিন মাসের মাথায় কলেজছাত্রীর মৃত্যু, আত্মগোপনে শ্বশুরবাড়ির লোকজন
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বরিশালে বিবাহিত জীবনের মাত্র তিন মাস পর এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরের উত্তর আমানতগঞ্জের বেলতলা বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর পর মৃতার স্বামী মো. সিয়াম ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।
মৃত লামিয়া আক্তার (ওরফে বর্ষা) বয়স ছিল ২২ বছর। তিনি সরকারি বরিশাল কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্রী ছিলেন। নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাদশার মায়ের গলির বাসিন্দা বেলায়েত খানের মেয়ে লামিয়ার বিয়ে হয় তিন মাস আগে বেলতলা এলাকার কলেজশিক্ষার্থী মো. সিয়ামের সঙ্গে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার রাতে মেয়ের অসুস্থতার খবর পেয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান লামিয়ার বাবা। সেখানে তিনি দেখতে পান ঘরের ভেতর মেয়ের নিথর দেহ পড়ে আছে।
লামিয়ার বাবা বেলায়েত খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছিলেন। রাতে অসুস্থতার খবর পেয়ে গিয়ে তিনি দেখেন যে তার মেয়ে মারা গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য ইতিমধ্যে দুই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ ই