বগুড়ায় উন্নয়ন অগ্রযাত্রা জোরদারে জেলা প্রশাসকের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময়

বগুড়ায় উন্নয়ন অগ্রযাত্রা জোরদারে জেলা প্রশাসকের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময়
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তরবঙ্গের কেন্দ্রস্থল ও প্রাচীন পুণ্ড্রনগরের রাজধানী হিসেবে সমৃদ্ধ ঐতিহ্যবাহী বগুড়া জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সঙ্গে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের উন্নয়ন মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর জেলা প্রশাসকের সভাকক্ষ করতোয়া-তে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ ও উন্নয়নকর্মীরা অংশ নেন। সভায় আধ্যাত্মিক সাধক শাহ সুলতান বলখি মাহী সওয়ার (রহ.) এর স্মৃতিধন্য এ জনপদে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ উঠে আসে। একই সঙ্গে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাব মোহাম্মদ আলী এবং মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও সেক্টর প্রধান শহীদ মেজর জেনারেল জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বগুড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম আলোচনায় Forward Looking ও Backward Looking দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বগুড়ার উন্নয়ন কৌশল উপস্থাপন করেন। তিনি বলেন, বহুমুখী শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া উন্নয়ন, উৎপাদনমুখী কর্মকাণ্ড এবং উদ্যোগী তরুণ প্রজন্ম গঠনের মাধ্যমে বগুড়ার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। ড. হোসনে আরা বেগম এয়ারপোর্ট, রেলপথ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণকে সময়োপযোগী দাবি হিসেবে উল্লেখ করে মানুষের মৌলিক চাহিদা পূরণ, সংক্ষুব্ধতা ও হতাশা দূরীকরণ এবং কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান উপস্থিত সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং বগুড়ার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বগুড়ার বিশিষ্ট জন, শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান