বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনীতে টিএমএসএস'র প্রথম স্থান অর্জন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্যাম্পাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজন করা প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। আধুনিক প্রযুক্তি ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। বুধবার জেলা প্রাণিসম্পদ বিভাগ ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রদর্শনীতে খাদ্য, টিকা, চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতিসহ প্রাণিসম্পদ খাতের নানা উদ্ভাবন তুলে ধরে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও খামারিরা। স্থানীয় মানুষের উপস্থিতিতে প্রদর্শনীটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) বগুড়া সদর, বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ও উপজেলা পরিষদের কর্মকর্তা প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, খামারি, উদ্যোক্তা, প্রতিনিধিদল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন প্রদর্শনীতে। প্রাণিসম্পদ খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং খামারি উন্নয়নকে ত্বরান্বিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান