ঢাকার উত্তরায় এপিবিএন'র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় এপিবিএন'র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন'র কনফারেন্স রুমে শনিবার ৩০ নভেম্বর একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন'র অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির।এছাড়া এপিবিএন হেডকোয়ার্টার্স ও ১-এপিবিএন'র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।সভায় প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির শুরুতেই উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। পরে তিনি ব্যাটালিয়ন সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ফোর্সের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডিউটির সময় অপ্রয়োজনে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের সব বৈধ আদেশ যথাযথভাবে পালন করার জন্যও নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত আইজিপি। সভা শেষে ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ ও প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকিরকে স্মারক উপহার দেন। এপিবিএন'র সার্বিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কল্যাণ মূলক কার্যক্রম জোরদারে এই বিশেষ কল্যাণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান