পাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যকরী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

পাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যকরী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়ন ও সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে বিশেষ ‘কার্যকরী প্রশিক্ষণ ওরিয়েন্টেশন’ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যানদের কাছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজন ও চ্যালেঞ্জ নিরূপণ করে ভবিষ্যৎ একাডেমিক সহায়তার দিকনির্দেশনা নিশ্চিত করতেই এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে তাদের বিভাগে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বরসহ বিস্তারিত তালিকা ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর প্রেরিত তালিকা গ্রহণযোগ্য নাও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ কর্মশালা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে আইকিউএসি। বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, আইসিটি সেল, জনসংযোগ দপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়