ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে জমা পড়া আপিলের শুনানি শুরু হয়েছে শনিবার সকাল থেকে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণ শুরু হয়েছিল গত ৫ জানুয়ারি এবং শেষ হয়েছে ৯ জানুয়ারি। কেবল শুক্রবারই ১৭৬টি আপিল জমা পড়ে।

আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আজ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। রোববার ৭১ থেকে ১৪০, সোমবার ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিল শুনানি হবে। শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চলবে। পরবর্তী দিনগুলোর শুনানি তফসিল দ্রুতই জানানো হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

এছাড়া, শনিবার সকাল থেকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়া হাতে-কলমে দেখানোর জন্য একটি ‘মক ট্রায়াল’ বা হাতে-কলমে অনুশীলন চলছে। সেখানে পোস্টাল ব্যালটের ভোট গণনার পুরো পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/