ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩০ আহত; 'জামায়াতকে ভোটে বেহেশত' বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি ভোলাঃ
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদবাজার এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে গুরুতর আহত ৯ থেকে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে’— এ ধরনের একটি বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়, যা পরে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টা ধরে নির্মাণাধীন সড়কে ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে। নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে গিয়ে নৌবাহিনীর একটি গাড়িও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
সংঘর্ষের পটভূমি নিয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ তুলেছে। জামায়াত-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হকের বরাতে জানানো হয়, জামায়াতের এক নারী নেতাকে বিএনপি কর্মী লাঞ্ছিত করলে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। তিনি দাবি করেন, তাঁর দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতা মো. জাফর ইকবাল বলেন, জামায়াতের বক্তব্যের প্রতিবাদে প্রথমে কথা কাটাকাটি হয় এবং তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে শান্তি চেষ্টা করেন। পরবর্তীতে সংঘর্ষে বিএনপির ১৫-১০ জন নেতা-কর্মী আহত হন। তিনি জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি মিথ্যা এবং তারা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম সংঘর্ষ নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের লোকজন রাস্তা সংস্কারের জন্য রাখা ইটপাটকেল ব্যবহার করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া না হলেও তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
দৈনিক বিজয় নিউজ/ ই