নাইক্ষ্যংছড়িতে পুলিশ -বিজিবির যৌথ অভিযানে ৩ টি অবৈধ অস্ত্র উদ্ধার !!

নাইক্ষ্যংছড়িতে পুলিশ -বিজিবির যৌথ অভিযানে ৩ টি অবৈধ অস্ত্র উদ্ধার !!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নারিচ বুনিয়ার হরিণ খাইয়া থেকে বিজিবি-পুলিশের পৃথক যৌথ অভিযানে ৩ টি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) বাইশারীর হরিণ খাইয়া এলাকা থেকে দেশীয় তৈরি এ সব ৩ টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিণ খাইয়া মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তা ছাড়াও শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে হরিণ খাইয়া জোড়া ব্রিজ নামক এলাকায় বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট তিনটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি