জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান অর্জন মরিয়ম বাদশার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত জাতীয় পর্যায়ে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে গৌরবজনক তৃতীয় স্থান অর্জন করেছে মরিয়ম বাদশা অনন্যা। সে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে মরিয়ম বাদশা প্রথমে উপজেলা পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করে। উপজেলা পর্যায়ে সে ইংরেজি রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা এবং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে সে চ্যাম্পিয়ন হয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। জাতীয় পর্যায়ে তার প্রতিযোগিতার বিষয় ছিল ইংরেজি রচনা (অনির্ধারিত)।
গত ২০ জানুয়ারি ২০২৬, রাজধানী ঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সারা দেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে মরিয়ম বাদশা অনন্যা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে মোহনপুর উপজেলা ও রাজশাহী জেলার জন্য গৌরব বয়ে আনে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী, অভিভাবক এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা মরিয়মের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন—আগামী দিনে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবে
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন