ভোটারদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা প্রশাসক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের বিস্তারিতভাবে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মতবিনিময়কালে স্থানীয় ভোটাররা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম