জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
নির্বাচনের পূর্বে জামায়াতের জোট থেকে সরে আসার সিদ্ধান্তের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিনন্দন জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতের আমির বলেন, “হেফাজতের পক্ষ থেকে আমরা ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করেছি। মওদুদীবাদী জামায়াত বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি এবং ঈমান-আকিদা বিসর্জন দিয়ে জোট গঠন না করতে সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ, মওদুদীবাদী জামায়াতের প্রভাবমুক্ত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক পথচলা গঠন করতে পেরেছে—এ জন্য তাদের বিশেষভাবে মুবারকবাদ জানাই।”
ইসলামি রাজনীতিতে সঠিক মতাদর্শের ধারকদের স্বতন্ত্র অবস্থান অত্যন্ত জরুরি ছিল উল্লেখ করে তিনি বলেন, “ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ এর মাধ্যমে সুসংহত হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের সাথে সম্পর্কিত থাকার কারণে দেশের ইসলামপন্থার ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের স্বতন্ত্র পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই রুদ্ধ করবে। এই সাহসী সিদ্ধান্তের জন্য ইসলামী আন্দোলনের আমির ও তাঁর দলকে আবারো অভিনন্দন জানাই।”
হেফাজতের আমির বিবৃতিতে স্পষ্ট করেন, আগামী নির্বাচনেও হেফাজত কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যারা খাঁটি ইসলামপন্থা ধারণ করে, জনগণ তাদেরই সমর্থন করবেন।” এছাড়া তিনি মওদুদীবাদ ও অন্যান্য বিকৃত আকিদা প্রচারকারীদের বিপক্ষে ভোটারদের সতর্ক থাকতে বলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার আশা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ ই