সরকারী সহায়তাঃ ফ্ল্যাটের পাশাপাশি ওসমান হাদির পরিবার পাচ্ছে ১ কোটি টাকা নগদ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবনযাপনে সহায়তার জন্য আরও এক কোটি টাকা প্রদান করবে। এর আগে, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য তাঁর পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে সরকারের পক্ষ থেকে মোট দুই কোটি টাকা দেওয়া হবে। তিনি বলেন, "এক কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এবং আরেক কোটি টাকা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নগদ হিসেবে জীবিকা নির্বাহের জন্য দেওয়া হবে।"
ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত 'দোয়েল টাওয়ার' আবাসিক ভবনে ১,২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে এই অনুদান দেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে, অর্থ বিভাগ পরিবারটির পরিচয় যাচাইয়ের শর্তে এ অনুদান অনুমোদন করেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান বিন হাদিকে গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এদিকে, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ