দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

চট্টগ্রামে বিএনপির জনসভা

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান
ছবিঃ আসাদুল খান

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন পেলে তারা কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে নির্বিঘ্নে জীবিকা নির্বাহের সুযোগ দেবেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “দুর্নীতি ও নিরাপত্তাহীনতা—এই দুটি বিষয় বাংলাদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে।”

রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া কোন পরিকল্পনাই সফল হবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদে চলাফেরা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেন।” তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির সঙ্গে জড়িত যে কাউকে আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

এছাড়া, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তারেক রহমান বলেন, “খালেদা জিয়ার সময় এই উদ্যোগ নেওয়া হলেও সময়ের অভাবে বাস্তবায়ন হয়নি। গত ১৫ বছরেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এটি বাস্তবায়ন হলে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য বাড়বে।”

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রার্থীদের ধানের শীষ হাতে তুলে দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ/ আসাদুল খান