উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসারদের ভূমিকা রাখতে হবে —উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোববার ২৫ জানুয়ারি দিনাজপুর জেলার বাংলাহিলিতে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত দরবার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং অপরাধ দমনে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়ন আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। ৩৩-আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের রেঞ্জ পরিচালক মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ ফজর দোয়া মাহফিল, জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, সদস্যদের দরবার, প্রীতিভোজ, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে ৩৩ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন সদস্যরা অংশ গ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান