১১–দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে: আসিফ মাহমুদ

১১–দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে: আসিফ মাহমুদ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, ১১-দলীয় জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার সদরের ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ আয়োজিত এনসিপির নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া প্রয়োজন, সব শেষ হয়েছে। এখন কেবল ঘোষণার অপেক্ষা। ১১-দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে এ বিভাগ ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।’

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ পথসভায় বক্তব্য দেন। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ পথসভায় অনুপস্থিত ছিলেন। বক্তব্য শুরুর আগে আসিফ মাহমুদ দেবীদ্বার সদরে ক্যারাভান করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান। স্থানীয় বিএনপি ও মুরাদনগরের বিএনপি প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দেবীদ্বার বিএনপি ও কুমিল্লা-৩ আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন যাতে না হয়, সে জন্য প্রধান উপদেষ্টাকেও বলেছিলেন। আমরা তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।’

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন অভিযোগ করেন, নারীরা ভোট চাইতে বাড়ি গেলে একটি বিশেষ দলের সদস্যরা তাদের হয়রানি করছে। তিনি বলেন, ‘নারীবিদ্বেষী, ঋণখেলাপি, বিদেশি নাগরিক, চাঁদাবাজ ও দখলবাজদের সংসদে পাঠাবেন না। শাপলা কলিতে ভোট দিন।’ এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থী ইউছুফ সোহেল, এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ