গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় হাজারো মানুষের ঢল
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। গলাচিপা-দশমিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হাসান মামুন তার নির্বাচনি প্রতীক ঘোড়া মার্কা নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। পথসভাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। হাসান মামুন বলেন, “জনগণের ভোট ও ভালোবাসাই আমার একমাত্র শক্তি। নির্বাচিত হলে আমি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনস্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করব।” তিনি আরও বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠন তার অগ্রাধিকার। দলীয় প্রভাবমুক্ত থেকে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ ছত্তার হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার এতে অংশ নেন। সভা চলাকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নির্বাচনী মাঠে তার প্রচারণা দিন দিন জোরালো হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন