টাঙ্গাইলে আনসার-ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে আনসার-ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে সুশৃঙ্খল ও নিরপেক্ষ রাখতে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন তিনি। মহাপরিচালক জানান, প্রথম বারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে রিপোর্ট করার নির্দেশনাও দেওয়া হয়। সমাবেশটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ময়মনসিংহ, রাজশাহী ও নওগাঁ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। স্বচ্ছ প্রস্তুতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আনসার-ভিডিপি একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্টগন, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার, ভিডিপি সদস্যা, সদস্য, ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান