পাবনার স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কাশিনাথপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় মূল প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এসএমসি সভাপতি মাহফুজুল হক সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক আখতারুজ্জামান লিটন, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, প্রধান শিক্ষক রাবেয়া বসরি সিনিয়র শিক্ষক এসএম আয়ুব আলী,বিএনপি নেতা আব্দুল মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক ফেরদৌস তপন , কাশীনাথপুর প্রয়াস পাঠাগারের জেনারেল সেক্রেটারি ফজলুর রহমান প্রমুখ। সার্বিক সমন্বয় করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মনিরা খাতুন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দৌড়, লাফ ও বিভিন্ন ধরনের মজার খেলাসহ বাহারি সব ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতার ফাঁকে ফাঁকেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় গোটা স্কুল প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করেন। আয়োজক ও আমন্ত্রিত বক্তারা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। উল্লেখ্য, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষা এবং সহ-শিক্ষা কার্যক্রমে ইতোমধ্যে জেলায় একটি উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত মেধার স্বাক্ষর রেখে চলেছে। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক