নির্বাচনে কোনো মাফিয়া গোষ্ঠী যেন অসৎ উদ্দেশ্য সাধন করতে না পারে- রেঞ্জ কমান্ডার
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বরগুনা ও পটুয়াখালী জেলায় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বরগুনা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে বরগুনা জেলার নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৩১২টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মোট ৪ হাজার ৫৬ জন আনসার-ভিডিপি সদস্য অংশ গ্রহণ করেন। একই দিন বেলা আড়াইটায় পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলার নির্বাচনী প্রস্তুতি সমাবেশ। সেখানে ৫১৩টি ভোটকেন্দ্রে নিয়োজিত ৬ হাজার ৬৬৬ জন আনসার-ভিডিপি সদস্য অংশ নেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।সমাবেশ দুইটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী দ্বায়িত্বরত আনসার ভিডিপি সদস্য ও কমকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই। তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো মাফিয়া গোষ্ঠী যেন অসৎ উদ্দেশ্য সাধন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে রিপোর্ট করতে হবে। এতে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচন কালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রেঞ্জ কমান্ডার জানান, এবছরেই প্রথম ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। সারাদেশ ব্যাপী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী প্রস্তুতি সমাবেশে অন্যদের মধ্যে পটুয়াখালী ২২ বিএন আনসার ব্যাটালিয়ন'র পরিচালক সদন চাকমা, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ভাতা ভোগী আনসার-ভিডিপি সদস্য, সাধারণ আনসার সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / এম এ খালেক খান