সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে চট্টগ্রামে আনসার-ভিডিপি'র প্রস্তুতিমূলক সমাবেশ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে চট্টগ্রামে এক বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত রবিবার ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক ডক্টর মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনে দ্বায়িত্ব পালনে আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কালীন ও পরবর্তী করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, অতীতের সকল অনিয়মতান্ত্রিক চর্চার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যরা নতুন উদ্যমে, সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। ভোটের দিন সকল প্রকার প্রভাবের ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ সদস্য ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত আনসার-ভিডিপি বাহিনী এবারের নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।একই সঙ্গে নির্বাচন-পরবর্তী প্রাপ্য ভাতা পরিশোধ সংক্রান্ত সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তা দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। উল্লেখ্য, চট্টগ্রামের সমাবেশটি একই সময়ে অত্যাধুনিক প্রযুক্তির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে সরাসরি সম্প্রচার করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সমাবেশে বক্তারা বলেন, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব এই তিন মূলনীতিকে সামনে রেখে আনসার-ভিডিপি সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ পরিচালক, জেলা কমান্ড্যান্ট, সহকারী পরিচালক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশিক্ষক, টিডিপি ও ভিডিপি সদস্য, ব্যাটালিয়ান-আনসার, কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক