নির্বাচনী কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে-রেঞ্জ কমান্ডার

নির্বাচনী কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে-রেঞ্জ কমান্ডার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভোলা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি ভোলা জেলা আয়োজিত অনুষ্ঠিত এ সমাবেশে জেলার ৫২৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত মোট ৬ হাজার ৮২৫ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি বলেন,নির্বাচনী কেন্দ্রগুলো থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে এই নির্বাচনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি আরও বলেন, ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

নির্বাচন চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে রিপোর্ট করতে হবে, যাতে তাৎক্ষণিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।রেঞ্জ কমান্ডার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বরিশাল বিভাগে মোট ৩৬ হাজার ৯০০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ৭৫২ জন সদস্য নিয়ে ৯৪টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, এই নির্বাচন জনমানুষের বহুল আকাঙ্ক্ষিত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই।সমাবেশে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ২২ বিএন অধিনায়ক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন ৪৪ বিএন উপপরিচালক মো. হাসান আলী, ভোলা জেলা কমান্ড্যান্ট রাশেদ বিন মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, দলনেতা-দলনেত্রী ও সাধারণ আনসার ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান