এনসিপি প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী প্রচার চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তিনি এই হুমকি পান। পরে রাতেই তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচার-প্রচারণার সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এদিকে, শনিবার রাত ১১টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, সারা দেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়েছেন। তিনি বলেন, প্রকাশ্যে ও গোপনে হুমকি দেওয়া হলেও এতে তাদের নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না।
আখতার হোসেনের ভাষ্য, তার প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই হুমকির ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্ব দিয়ে নজর রাখার আহ্বান জানান। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান