ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাতকে জাতীয় পার্টি তার সমর্থন ঘোষণা করেছে।

ঝালকাঠি- জেলা

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাতকে জাতীয় পার্টি তার সমর্থন ঘোষণা করেছে।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি। সোমবার দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির নিজস্ব প্রার্থী না থাকায় দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়া হলো। তারা স্থানীয়ভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘না’-এর পক্ষে ভোট দেবেন বলে উল্লেখ করেন।

এদিকে, জাতীয় পার্টির প্রাথমিক মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে যায়।

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানার স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে দুই মেয়াদে সংসদ সদস্য (১৯৮৬-১৯৯০ ও ১৯৯৬-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন জানান, “কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলফিকার আলী ভুট্টো এ এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলেন এবং মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। সেই সহানুভূতিই ইলেন ভুট্টোর প্রতি আমাদের সমর্থনের কারণ।”

অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতের জেলা আমির হাফিজুর রহমান দাবি করেন, জাতীয় পার্টির সমর্থন ভোটের মাঠে তেমন প্রভাব ফেলবে না। তার মতে, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হওয়ায় জনগণ ইতিমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে।”

দলটি সোমবার দুপুর থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে তাদের সমর্থনের ঘোষণা প্রচার করতে শুরু করেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ