আমরা আমেরিকা-ভারতের ইনসাফ চাই না, ইসলামের ইনসাফ চাই: রেজাউল করীম
ভোলা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “আমরা আর আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, বরং মদিনার আদলে ইসলামের ন্যায়বিচার দেখতে চাই।”
রোববার বিকেল সাড়ে চারটায় ভোলার চরফ্যাশন উপজেলার টি.বি. স্কুল মাঠে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যখন ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে ভোটের ঘোষণা দিয়েছিল, তখন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। কিন্তু পরিতাপের বিষয়, ইসলামের নামে পরিচিত একটি দল ক্ষমতা ও স্বার্থে আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করেছে। এখন তারা শরিয়াহ বাস্তবায়ন না করারও ঘোষণা দিচ্ছে। তাদের বাহ্যিক রূপ যতটা আকর্ষণীয়, অভ্যন্তরীণ সত্য ততটাই বিস্বাদ।”
দুর্নীতির প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, “দেশ যখন দুর্নীতিতে শীর্ষে ছিল, তখন ইসলামের সাইনবোর্ডধারী কিছু গোষ্ঠী সেই দুর্নীতিবাজদের সাথে অংশীদার ছিলেন। গত ৫৪ বছরে সরকারের বহু পরিবর্তন দেখলেও মানুষের ভোটের প্রত্যাশা বাস্তবে রূপ পায়নি। প্রকৃত পরিবর্তনের একমাত্র পথ হলো ইসলামের নীতি ও আদর্শ।”
তিনি নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম ও সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ প্রমুখ।
এরপর মুফতি রেজাউল করীম একই দিনে ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিনের লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠের সমাবেশ এবং ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ