নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় অনুষ্ঠিত এ মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা প্রদর্শন করা হয়। মহড়ার এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে ১০ সদস্যের একটি প্যারা কমান্ডো দল স্টেডিয়াম মাঠে অবতরণ করে। এ সময় সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিভিন্ন কৌশলের বাস্তব অনুশীলন তুলে ধরা হয়।
বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকায় কোনো ভোটকেন্দ্রে হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কীভাবে হেলিকপ্টার ব্যবহার করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা যায়—সে বিষয়টি মহড়ার মাধ্যমে দেখানো হয়। মহড়া শেষে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা জানান, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। এই মহড়া দেখতে স্টেডিয়াম মাঠ ও আশপাশের এলাকায় শত শত মানুষ ভিড় করেন। হেলিকপ্টার অবতরণ এবং কমান্ডো সদস্যদের দ্রুত ও সুশৃঙ্খল কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। স্থানীয়দের অনেকেই বলেন, এ ধরনের মহড়া নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি তৈরি করবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম