সরকার গঠন করতে পারলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে: তারেক রহমান
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
বিএনপি সরকার গঠন করতে পারলে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা হবে এবং উত্তরাঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং নারী সমাজের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি আরও বলেন, যেসব কৃষক ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নিয়েছেন, তাদের সেই ঋণ মওকুফ করে দেওয়া হবে। উত্তরাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা, দিনাজপুরের বীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম