মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব
ব্রিফিং
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্দেশনা সংশোধন করা হবে। তিনি বলেন, "এটি আমরা সংশোধন করে দিচ্ছি। ভোটার, প্রার্থী ও তাঁদের এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভেতরে যেতে পারবেন। তবে গোপনীয়তার কক্ষে (ভোটিং বুট) কেউ ছবি তুলতে পারবেন না।"
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি সচিব এ কথা জানান। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছিল, তা স্পষ্টভাবে বোঝানো হয়নি, ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। "এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে।"
গতকাল রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করায় তা ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমনকি আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত না বদলালে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন। এর প্রেক্ষিতে সন্ধ্যায় ইসি সচিব এ ব্যাখ্যা দেন।
তিনি স্পষ্ট করেন, যদিও সাধারণ ভোটার, প্রার্থী ও এজেন্টরা ফোন নিয়ে যেতে পারবেন, তবে পোলিং এজেন্ট, পোলিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছে মোবাইল ফোন থাকবে না। সাংবাদিক ও পর্যবেক্ষকরাও মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলেও তিনি নিশ্চিত করেন।
ইসি সচিব আরও জানান, এ পর্যন্ত নির্বাচন-সংশ্লিষ্ট কাজে দেশে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। এর মধ্যে ইসির আমন্ত্রণে বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে ৬০ জন, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা থেকে ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রায় ১৫০ জন সাংবাদিক রয়েছেন। তাঁরা রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন।
ভোট গণনায় সময় প্রসঙ্গে ইসি সচিব বলেন, ফলাফল ঘোষণায় দেরি হওয়ার যৌক্তিক কারণ নেই। তবে সব ভোটপত্র গণনা করতে যে সময় প্রয়োজন, সেটা লাগবেই। তাঁর মতে, গণনায় তিন থেকে পাঁচ দিন লাগার কোনো আশঙ্কা নেই।
এছাড়া তিনি জানান, আদালতের নির্দেশে ফরিদপুর-১ আসনের ব্যালট পেপার সংশোধন করা হয়েছে এবং বিভিন্ন আসনে পুনরায় ব্যালট ছাপা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ