এই নির্বাচন নতুন বাংলাদেশের পথে যাওয়ার মহাসুযোগ: জামায়াতের আমির
রাজনীতি
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গঠনের একটি বড় সুযোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশবাসী আর জুলাইয়ের মতো গণ-অভ্যুত্থান চায় না, তারা চায় এমন একটি স্থিতিশীল বাংলাদেশ যেখানে জনগণকে আর রাস্তায় নামতে না হয়।
দলীয় পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে ফজরের নামাজ পড়েই পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করা হবে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি দাবি করেন, ২০০৯ সালের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং তথাকথিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। তিনি গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, এসব থেকে মুক্তির জন্যই জুলাই মাসের আন্দোলন সংঘটিত হয়েছিল।
শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্ম এখন একটি নতুন বাংলাদেশ চায়, যাকে তারা বাংলাদেশ ২.০ বলতে পারবে। তিনি তরুণদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে মত দেন।
তিনি ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য ঘোষণা করে বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ চায় যেখানে পারিবারিক পরিচয়ের বদলে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গঠিত হবে এবং রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করবে।
দুর্নীতি, পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, জামায়াতের নেতা-কর্মীরা কখনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হননি।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংস্কার বিষয়ক গণভোটের আয়োজনের কথা ঘোষণা করে তিনি তাতে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি সততা, ইনসাফ ও দক্ষতার পক্ষে এবং দুর্নীতি, ফ্যাসিবাদ ও বেকারত্বের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘু অধিকার রক্ষা, নৈতিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, বিচার বিভাগের সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।
আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেন তিনি।
প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং সংসদে আনুপাতিক হারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেন তিনি।
সব দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি তাঁর দলের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। যেসব এলাকায় জোট প্রার্থী আছেন, সেখানে সংশ্লিষ্ট দলীয় প্রতীকে ভোট দেওয়ার জন্যও তিনি সমর্থকদের নির্দেশ দেন।
দৈনিক বিজয় নিউজ/ ই