রংপুরে ১১ দলীয় জোটের ‘ক্লিন সুইপ’: ৬ আসনেই ধরাশায়ী ধানের শীষ ও লাঙ্গল

রংপুরে ১১ দলীয় জোটের ‘ক্লিন সুইপ’: ৬ আসনেই ধরাশায়ী ধানের শীষ ও লাঙ্গল
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের রাজনীতির প্রাণকেন্দ্র রংপুরে অভাবনীয় ফল করেছে ১১ দলীয় জোট। জেলার ৬টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে এই জোটের প্রার্থীরা। এর মধ্যে ৫টি আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটিতে জয়ী হয়েছে জোটের শরিক এনসিপি। এই নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে এই চিত্র উঠে এসেছে। নিচে আসনভিত্তিক বিস্তারিত ফলাফল তুলে ধরা হলো: রংপুর-১ (গঙ্গাচড়া): জামায়াতের রায়হান সিরাজী জয়ী এই আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা)। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): জয়ী এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।

রংপুর-৩ (সদর): বিপুল ভোটে জয়ী বেলাল, জি এম কাদেরের ভরাডুবি রংপুর সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এই আসনের আলোচিত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (লাঙ্গল) মাত্র ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। উল্লেখ্য, জি এম কাদের আজ সারাদিন বাসায় অবস্থান করলেও নিজের ভোটটি দিতে কেন্দ্রে যাননি।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা): এনসিপি প্রার্থীর চমক এই আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেন (শাপলা কলি) ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসাকে ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর): গোলাম রব্বানীর বড় জয় এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির একই নামের প্রার্থী গোলাম রব্বানী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ): হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী জামায়াতের নুরুল আমিন রংপুরের এই আসনটিতে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে। শেষ পর্যন্ত জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিন (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৪৬ ভোট। মাত্র ১৫১৪ ভোটের ব্যবধানে এখানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। এদিকে, রংপুরের ৬টি আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বিশেষ করে জাতীয় পার্টির দুর্গে জামায়াতে ইসলামীর এই বিশাল আধিপত্য জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান