হোমনায় প্রবাসীর স্ত্রী সহ দুই শিশুকে গলা কেটে হত্যা

হোমনায় প্রবাসীর স্ত্রী সহ দুই শিশুকে গলা কেটে হত্যা
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সহ দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫) তার শিশু সন্তান হোসাইন (৪) ও তার দেবর আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাদের কে আলাদা আলাদা রুমে নিয়ে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাশ। এদিকে এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল আলম। পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোকজন ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দিলে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ