বরিশালে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন চৌধুরী খুন

ক্রাইম ডাইরি

বরিশালে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন চৌধুরী খুন
ছবিঃ লাশ প্রতীকী ছবি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল সদর উপজেলায় দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শিবপাশা এলাকার বাদামতলা পুলসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বাদামতলা বাজারের ইজারাদার ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। রাতে বাজারের হিসাব শেষে বাড়ি ফেরার পথে তাকে আক্রমণ করা হয়। পরে পথচারীরা ঘটনাস্থলে তার বাইসাইকেল ও মাফলার দেখতে পেয়ে সন্দেহ হলে পাশের ডোবায় খোঁজ নিয়ে লাশ দেখতে পান। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ জানান, দেলোয়ার হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বিএনপির নিবেদিত কর্মী ছিলেন এবং আওয়ামী লীগের শাসনামলে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছিলেন। ফিরোজ আরও জানান, পারিবারিকভাবে জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ডোবায় ফেলে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ