সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের সামরিক বাহিনীর প্রধানরা।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই সাক্ষাতে অংশ নেন। ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাঁর দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে গেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।
এছাড়া গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা—এই তিনটি বিষয় চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক বিজয় নিউজ/ ই