কুমিল্লা বিভাগের দাবি বাস্তবায়নের অঙ্গীকার মন্ত্রী আমিন উর রশীদে

কুমিল্লা বিভাগের দাবি বাস্তবায়নের অঙ্গীকার মন্ত্রী আমিন উর রশীদে
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে বিএনপি-সমর্থিত এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন, “কুমিল্লা একটি বিভাগ হওয়ার মতোই যোগ্যতা রাখে। এ সংক্রান্ত প্রক্রিয়ার অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; কেবল কিছু বিষয়ে জটিলতা রয়েছে। আমি অঙ্গীকার করছি, কুমিল্লাকে বিভাগ করার জন্য যা যা করা দরকার, আমরা তা বাস্তবায়ন করব।”

ঐতিহ্য ফিরিয়ে এনে কুমিল্লাকে ব্যাংক, ট্যাংক ও শিক্ষানগরী হিসেবে পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব, আমি কুমিল্লার উন্নয়নে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণে সরকার উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে। আমরা একটি মুক্তচিন্তা, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”

কৃষি, শিক্ষা ও শিল্পের অগ্রগতির ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, “কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী শিল্পকারখানা স্থাপনের কৃতিত্ব আমার। বর্তমানে এ অঞ্চলে শিল্পের যে বিস্তার ঘটেছে, তাকে শিল্পবিপ্লব বললে অত্যুক্তি হবে না। কৃষির ঐতিহ্য ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষকবান্ধব নীতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আমরা কুমিল্লাসহ সারা দেশের কৃষিকে শক্তিশালী করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিন উর রশীদ গোমতী নদীকে সম্ভাবনার সোনালি খনি আখ্যা দিয়ে বলেন, “গোমতী নদীর পানি কাজে লাগাতে হবে। কুমিল্লায় সবজি ও ডিম সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজ স্থাপনের বিষয়েও দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।”

ব্যক্তিগত অঙ্গীকারের কথাও স্মরণ করেন তিনি। “আমি আগেই বলেছি, সংসদ সদস্য থাকাকালে আমার সম্মানী শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করতাম। এখন উপদেষ্টা হয়েও সেই নীতি ধরে রেখেছি। এমনকি আমি সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল করছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম প্রমুখ। সভা শেষে উপদেষ্টা টাউন হল মাঠে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন।

এর আগে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেউরা এম আই উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

দৈনিক বিজয় নিউজ/ ই