রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টেকনাফে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং জোরদার: গ্যাস ব্যবসায়ী কে ৫ হাজার টাকা জরিমানা
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টেকনাফের হ্নীলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমামুল হাফিজ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, হ্নীলা বাজার ইজারাদার আবু বকর আল মাসুদ এবং হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অনিয়মের অভিযোগে একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যাতে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান চলমান থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক