‘ফুটবলের মতো লাথি দেব’—উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি

‘ফুটবলের মতো লাথি দেব’—উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের ফটিকছছড়ি উপজেলার প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

অভিযুক্ত ঠিকাদার হলেন মো. মহসিন হায়দার, যিনি ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। অডিওতে তাঁকে উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ করে হুমকি দিতে শোনা যায়।

হুমকির ভাষায় ঠিকাদারকে বলতে শোনা যায়, 'ব্যাংকে যে চিঠি দিয়েছিস, সঙ্গে সঙ্গে তা সরিয়ে নে। ফটিকছড়িতে কাজ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে। ঘরে ঢুকে তোকে ফুটবলের মতো লাথি মেরে উড়িয়ে দেব। তোকে আর ফটিকছড়িতে থাকতে দেব না।'

অডিওর সত্যতা স্বীকার করেছেন উভয় পক্ষই।

ঠিকাদার মহসিন হায়দার বলেন, ‘ফটিকছড়ির দুর্গম এলাকা কয়লার মুখে একটি স্কুলভবন নির্মাণে আমি ৯০ শতাংশ কাজ শেষ করেছি। বাকি কাজ শেষ করতে না পারায় আমাকে কোনো নোটিশ না দিয়েই জামানত কেটে রাখা হচ্ছে। এতেই আমি মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে মনের দুঃখে এমন গালিগালাজ করেছি। আমি এজন্য অনুতপ্ত।’

অপরদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, অনিয়মের কারণে ঠিকাদারের বিল স্থগিত করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পূর্বেও তাঁর কার্যালয়ে গিয়ে হুমকি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘উপজেলা প্রকৌশলী গালিগালাজ ও হুমকির বিষয়টি জানিয়েছেন। এ ধরন্ত আচরণ কাম্য নয়। কারও অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ই