বরিশালে আদালতে ভাঙচুরের মামলায় আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন

বরিশালে আদালতে ভাঙচুরের মামলায় আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ

বরিশালে আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানসহ ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার অপর আসামি মিজানুর রহমানের জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোমবার (৬ মার্চ) বেলা আড়াইটার দিকে দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম শুনানি শেষে এ রায় দেন। দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, উপস্থিত ১১ আসামি জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে ২০০ টাকার বন্ডে জামিন দেন। তবে মামলার ৬ নম্বর আসামি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী কে এম জুবায়ের বলেন, আদালত যথাযথ বিশ্লেষণ করে এক ব্যক্তি ছাড়া সকলের জামিন অনুমোদন করেছেন। উল্লেখ্য, মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। বাকি ১১ আসামি আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এদিকে আলোচিত এ মামলার জামিন শুনানি উপলক্ষে জেলা জজ আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। সকাল থেকেই আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় দেখা যায়।

প্রসঙ্গত, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিন দেওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জনের মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ২৫ ফেব্রুয়ারি ওই আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দিনই প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ ই