পাঁচ মন্ত্রী–প্রতিমন্ত্রীর পর বরিশাল বিভাগ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম

পাঁচ মন্ত্রী–প্রতিমন্ত্রীর পর বরিশাল বিভাগ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ

জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম (মণি)। সোমবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ–সংক্রান্ত প্রজ্ঞাপনের উল্লেখ করে এই নিয়োগের তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবগঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে দুজন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী নিয়োগ পান। এবার মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম (মণি)। এতে বরিশাল বিভাগের ঝালকাঠি ছাড়া বাকি পাঁচ জেলা থেকেই মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলা থেকে দুজন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।

চারবার বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম। অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন।

পূর্বে এই বিভাগ থেকে ষষ্ঠ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।

নুরুল ইসলাম মণি ১৯৮৮ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পুনরায় সংসদে নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

বরিশাল বিভাগে প্রায় ৪৬ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। বিভাগের মোট ২১টি আসনের মধ্যে এ নির্বাচনে বিএনপি ও তার জোটের প্রার্থীরা ১৮টি আসনে জয়লাভ করেন। সর্বশেষ ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল বিভাগে বিএনপি ১৮টি আসনে জয়ী হয়েছিল।

গত ১৮ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে বিএনপি ও জোটের পাঁচ প্রতিনিধি অন্তর্ভুক্ত হন। তাঁরা হলেন— বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রী), ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী), বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান (প্রতিমন্ত্রী), পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর (প্রতিমন্ত্রী) এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (প্রতিমন্ত্রী)।

দৈনিক বিজয় নিউজ/ ই