পুকুর সংস্কারের আড়ালে অবৈধ মাটি কাটা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকায় পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ মার্চ) বিকাল আনুমানিক ৫টায়। স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ী এলাকার রতন (৪৮) নামে এক পুকুর মালিক পুকুর সংস্কারের কথা বলে দীর্ঘদিন ধরে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে, উত্তোলিত এসব মাটি স্থানীয় মাটি ব্যবসায়ী রফিক বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরযোগে মাটি পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার কাঁচা ও পাকা সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী জানান, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন সংশ্লিষ্টরা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলের সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকের ওপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের যথাযথ তদারকি ও আইনি পদক্ষেপের অভাবে অবৈধ মাটি কাটা ও বিক্রির মতো কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম