রাকাব এর আওয়ামী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

রাকাব এর আওয়ামী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ
ছবিঃ মো: গোলাম কিবরিয়া

দৈনিক বিজয় নিউজ রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর শ্রমিকদের আওয়ামীপন্থী সংগঠন ‘কর্মচারি সংসদ’ (রাজ-৬১১)-এর যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী শ্রম আদালত। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান স্বাক্ষরিত এক রায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে সংগঠনটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, রাজ-৬১১ ট্রেড ইউনিয়নটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেও এ ইউনিয়নের সম্পৃক্ততার বিষয়টি প্রতীয়মান হয়। রায়ে আরও বলা হয়, গত ১২ মে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে প্রেক্ষাপটে রাজ-৬১১ ট্রেড ইউনিয়নের কার্যক্রম আলাদাভাবে স্থগিত করার প্রয়োজনীয়তা নেই। তবে সংগঠনের নেতৃবৃন্দ বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া শ্রম আইন ২০০৬-এর ১৯০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের কার্যক্রমের বিরুদ্ধে শ্রম দপ্তরে আবেদন করার সুযোগ রয়েছে বলে রায়ে বলা হয়। উল্লেখ্য, গত বছরের ২২ মে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক স্মারকে কর্মচারি সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হন রায়হান আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফুল ইসলাম। এছাড়া কার্যকরী সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।

তবে কমিটি অনুমোদনের পর থেকেই এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, মূল দল নিষিদ্ধ থাকলে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের কমিটি কীভাবে অনুমোদন পায়—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাকাবে শ্রমিকদের আরেকটি সংগঠন হলো বিএনপিপন্থী ‘কর্মচারি পরিষদ’ (রাজ-২১৮৭)। জানা গেছে, বিগত সময়ে আওয়ামীপন্থী কর্মচারি সংসদ সক্রিয় থাকলেও কর্মচারি পরিষদ ছিল নিষ্ক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মচারি পরিষদ সক্রিয় হয়ে ওঠে। আদালতের রায়ে বিএনপিপন্থী কর্মচারি পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলে জানা গেছে। মামলায় জয় লাভের পর মহানগর বিএনপি ও শ্রমিক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী কর্মচারি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: গোলাম কিবরিয়া