ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সোহাগ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মোঃ মকছেদুল ইসলাম সোহাগ। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মোঃ মকছেদুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়াই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, “৬নং আউলিয়াপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত—কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির স্থান থাকবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, সোহাগ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ সমাজসেবক। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি এলাকায় প্রশংসিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে মোঃ মকছেদুল ইসলাম সোহাগের প্রার্থিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে। তার কর্মপরিকল্পনা ও জনসম্পৃক্ততা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও মোঃ মকছেদুল ইসলাম সোহাগের গণসংযোগ ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম