মায়ের কাছেই মুক্তিপণ দাবি! পিতার অপহরণ নাটক, শেষে গ্রেফতার

মায়ের কাছেই মুক্তিপণ দাবি! পিতার অপহরণ নাটক, শেষে গ্রেফতার

মোঃ আল আমিন

দৈনিক বিজয় নিউজ 

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ পিতার হাতেই অপহরণের শিকার হওয়া ৮ বছর বয়সী শিশু সিয়ামকে শ্বাসরুদ্ধকর অভিযানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে সিয়ামের পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) যৌথভাবে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় ওইদিন রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু সিয়ামকে উদ্ধার করা হয়।
এ সময় সিয়ামের পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তার (২৬)কে গ্রেফতার করা হয়। উদ্ধার অভিযানে ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা ভারতে অবস্থান করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করে তার ছবি তুলে মায়ের কাছে অর্থ আদায়ের উদ্দেশ্যে এ নৃশংস ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা প্রক্রিয়াধীন। জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।