রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) উপজেলার মৌগাছি ইউনিয়নের গোপালপুর বিলের বৈরাগিতলা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয় এবং মেশিনগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়। প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর পেয়ে পুকুর খননের মূল হোতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ওরফে কমলসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বিচারে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের প্রবণতা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন