পটুয়াখালীতে অভিযানে নকল সিগারেট জব্দ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ২৭ হাজার ৪২০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার ৪০ টাকা। এ ঘটনায় জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ইজিবাইক চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন