হোমনার ঝগড়ার চরে তিতাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি!! ডিও লেটার দিলেন এমপি সেলিম ভূঁইয়া

হোমনার ঝগড়ার চরে তিতাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি!! ডিও লেটার দিলেন এমপি সেলিম ভূঁইয়া
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বিচ্ছিন্ন জনপদ ঝগড়ারচর গ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণ। এই জনদাবি পূরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। ​সংসদ সদস্যের স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামটি ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। নদীপথ ছাড়া এই গ্রামে যাতায়াতের বিকল্প কোনো সহজ পথ নেই। বর্তমানে গ্রামটির বাসিন্দাদের উপজেলা সদরে আসতে হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ওপর দিয়ে সড়কপথে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বিশেষ করে এলাকার দরিদ্র মানুষ ও অসুস্থ রোগীদের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​চিঠিতে এমপি সেলিম ভূঁইয়া উল্লেখ করেন, উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট থেকে ঝগড়ার চর পর্যন্ত তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এটি কেবল যাতায়াত ব্যবস্থাই সহজ করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​এলাকাবাসীর দীর্ঘদিনের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সেতুটি নির্মিত হলে ঝগড়ার চরসহ পার্শবর্তী বাঞ্ছারামপুর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। যার ফলে আশপাশের কয়েক হাজার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ