রাজশাহী মোহনপুরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ সহায়তা প্রদান
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল টিন এবং নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়। প্রশাসনের এ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে স্থানীয়রা দ্রুত সহায়তা দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন