পাবিপ্রবিতে সিনিয়রের কলার ধরে থ্রে*ট দিলো জুনিয়র

পাবিপ্রবিতে সিনিয়রের কলার ধরে থ্রে*ট দিলো জুনিয়র
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থী কর্তৃক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি ও থ্রেট দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের ইমন সরকার। খোঁজ নিয়ে জানা যায়, এক নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পাশ দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের তিন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে একজন মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের কিছু শিক্ষার্থী সন্দেহ করেন যে, তারা ভিডিও ধারণ করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে উপস্থিত সিনিয়র শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মোবাইল ফোনটি পরীক্ষা করে কোনো ভিডিও না পাওয়ায় ঘটনাস্থলেই বিষয়টির মীমাংসা হয় এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তবে মীমাংসার পর পদার্থবিজ্ঞান বিভাগের ওই তিন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় বসলে, ইমন সরকার তাদের একজনের টি-শার্টের কলার ধরে হুমকি দেন এবং বাইরে গেলে দেখে নেওয়ার কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লোকপ্রশাসন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসা করেন। অভিযুক্ত শিক্ষার্থী পরবর্তীতে সিনিয়র শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ইমন সরকার বলেন,আমার এমনটা করা উচিত হয়নি। সিনিয়রের সঙ্গে এমন আচরণ করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলেন,সিনিয়র-জুনিয়রের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়