বর্ণাঢ্য আয়োজনে বুড়িচংয়ে পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বুড়িচংয়ে পহেলা বৈশাখ উদযাপন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। পহেলা বৈশাখের সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী নানা সাজে সজ্জিত হয়ে উৎসবে ভিন্নমাত্রা যোগ করেন। শোভাযাত্রায় ছিল গ্রামীণ সংস্কৃতির প্রতীক, মুখোশ, ফেস্টুন ও ব্যানার, যা নতুন বছরের আগমনী বার্তা বহন করে শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

এছাড়া দিনব্যাপী আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা-ইলিশ পরিবেশনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন। শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কবির আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ উৎসবের মাধ্যমে জাতি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বুড়িচংয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয় এবং আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ