নাইক্ষ্যংছড়ির বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন!

নাইক্ষ্যংছড়ির বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইক্ষ্যংছড়ি সরকারি কর্মচারী সমম্বয় পরিশোধের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম বলেন, তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। কেবল ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, বিদায় মানে শেষ নয়, এটি উচ্চতর শিক্ষার পথে নতুন সূচনা। তোমরা বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা।

ছাত্র জনতা আলী মোহাম্মদ মিনহাজ বলেন, যেকোনো প্রতিকূলতায় আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষায় অংশ নিতে হবে এবং সফলতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আয়েশা ছিদ্দিকা। পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র গ্রহণ ও আবেগঘন বক্তব্য প্রদান করেন ফাহানা জান্নাত। এছাড়া ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন শামিমা সুলতানা, যেখানে তিনি বিদ্যালয়ের স্মৃতিময় সময়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালামের ব্যক্তিগত অর্থায়নে পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে, পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি