নওগাঁয় থানায় জিডি করায় বাড়িতে হামলা ও দেড় লাখ টাকা লুট

নওগাঁয় থানায় জিডি করায় বাড়িতে হামলা ও দেড় লাখ টাকা লুট
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, আগের দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আজ সোমবার সন্ধ্যায় এই তাণ্ডব চালায়। এসময় বাড়ির আসবাবপত্র ভাঙচুরসহ নগদ দেড় লাখ টাকা লুট করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুড়ি মৌজার ১২০৬ নম্বর দাগের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মামুন মন্ডল ও আকমল হোসেনদের দীর্ঘদিনের বিরোধ। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। গত রবিবার বিবাদীরা রফিকুল ইসলামকে প্রাণে মারার হুমকি দিলে তিনি নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রফিকুল ইসলাম অভিযোগ করেন, থানায় জিডি করার খবর পেয়ে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ সোমবার সন্ধ্যায় মামুন মন্ডল ও আকমল হোসেনের নেতৃত্বে একদল ‘সন্ত্রাসী বাহিনী’ তাঁর বাড়িতে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন নারীও অংশ নেন। হামলাকারীরা বাড়ির টিনের বেড়া কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয় এবং ঘরের ভেতরের আসবাবপত্র তছনছ করে। এসময় ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

রফিকুল ইসলাম বলেন, "গতকাল থানায় অভিযোগ দিয়েছি যেন জানমালের নিরাপত্তা পাই। কিন্তু আজ সন্ধ্যায় তারা নারী-পুরুষ মিলে এসে আমার ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিল। আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে গেছে। আমি এখন পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি।" ঘটনার প্রত্যক্ষদর্শী সুলতান হোসেনসহ স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ চিৎকার শুনে তাঁরা এগিয়ে যান। এলাকাবাসী জড়ো হতে থাকলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, "ঘটনাটি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার