বরিশালে আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর জোর
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই এমন মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উদ্যোগে গত ২২ এপ্রিল বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আন্তঃজেলা ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল ও কাবাডি এই তিনটি জনপ্রিয় খেলায় বরিশাল রেঞ্জের ছয়টি জেলার দল অংশগ্রহণ করে। মাঠের উত্তেজনা, ট্রফির ঝলক এবং খেলোয়াড়দের জয়ের প্রত্যাশা মিলিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতার তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল জেলা।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, নিয়মিত খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এ ধরনের আয়োজন সম্ভব হচ্ছে। যুবকদের সুস্থ, শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ২২ বিএন অধিনায়ক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন ৪৪ বিএন অধিনায়ক মোঃ হাছান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেন, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ শফিকুল রহমান, ভোলা জেলা কমান্ড্যান্ট রাশেদ বিন মামুনসহ সংশ্লিষ্ট জেলার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়াবিদ ও অতিথিবৃন্দ। আয়োজকরীগন জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা তরুণদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান